ডাকাত সন্দেহে গণপিটুনি, একটি লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আখখেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার পুসকনি এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম মো. জাহির (৪৫)। তাঁর বাড়ি একই উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত নয়টার দিকে পুসকনি এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এক দল ডাকাত জনতার ধাওয়ার মুখে পড়ে। স্থানীয় বাসিন্দারা এদের মধ্যে তিনজনকে আটক করে গণপিটুনি দেন। এর মধ্যে জাহির জনতার হাত থেকে পালিয়ে যান। গতকাল দুপুরে আখখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
আটক অন্য দুজন হলেন মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ী গ্রামের আবদুল গালিব (২৩) ও নিহত জাহিরের ভাই মোহাম্মদ রুবেল (২২)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। রুবেলকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিহত জাহিরের বাবা কশিম উদ্দীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হামার ব্যাটারা কর্মের ফল প্যায়াছে। এ্যার বেশি কিছু কহার নাই। ছোট ব্যাটা রুবেলকে অনেক শাসন কর্যাছি। পিঠে ওর মাইরের দাগ এখনো আছে।’