ডাকাত সন্দেহে গণপিটুনি চোখ উপড়ে ফেলার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে কৈজুরি ইউনিয়নের মুরারীদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা তাঁদের চোখ উপড়ে ফেলার চেষ্টা করে।
আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী খান (২৮) ও মো. নুর ইসলাম (৩৫)। নুর ইসলাম ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্টপুর গ্রামের মৃত আলী খানের ছেলে। মোহাম্মদ আলীর বাড়ি ফরিদপুর সদরের হারুকান্দি মহল্লায়। তাঁর বাবার নাম সেকেন্দার আলী।
স্থানীয় ব্যক্তিরা বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে গ্রামবাসী তাদের ঘেরাও করে। এ সময় উত্তেজিত জনতা মোহাম্মদ আলী ও মো. নুর ইসলামকে আটক করে পিটুনি দেয়। একপর্যায়ে তাঁদের চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন গ্রামবাসী বলেন, তাঁরা ডাকাতি করতে এসেছিলেন। প্রথমে আটক করে মারধর করা হয়। পরে তাঁদের চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়। কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, জনতা পিটুনি দিয়ে নুর ও আলীর চোখ দুটো উপড়ে ফেলার চেষ্টা করে।
বৃহস্পতিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ছিলেন চিকিৎসক আশিস কুমার সাহা। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ গণপিটুনিতে আহত ওই দুই ব্যক্তিকে রাত আড়াইটার দিকে হাসপাতালে নিয়ে আসে। তাঁদের চোখে জখম ছিল। নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
পুরুষ সার্জারি ওয়ার্ডের স্টাফ নার্স তৃপ্তি দেওয়ান বলেন, গতকাল সকালে তাঁদের ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলা ১১টার দিকে তাঁদের পুলিশ পাহারায় ঢাকায় নেওয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ বলেন, নুর ও আলীর নামে কোতোয়ালি ও সদরপুর থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে। ঘটনার পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁরা পুলিশ পাহারায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।