ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে শামীম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা এলাকায় এ ঘটনা ঘটে।
শামীমের বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানার পাচা হাজার গ্রামে। বাবার নাম গিয়াসউদ্দীন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহর ভাষ্য, একদল ডাকাত উপজেলার নামিলা মকবুলের জামালের বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। তাঁদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে। এ সময় ডাকাতেরা পালানোর চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে শামীমকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। শামীমকে পিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
আহসান উল্লার দাবি, নিহত শামীমের বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়া. কালিগঞ্জ ও ময়মনসিংহের পাগলা থানায় ১৮টি মামলা রয়েছে।
সিংহশ্রী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হোসনে আরা বেগমের ভাষ্য, নামিলা এলাকার বাদলের বাড়িতে ১৫-১৬ জনের ডাকাত দল হানা দেয়। ডাকাতি শেষে তারা মকবুলের বাড়ি ও জামাল উদ্দিনের বাড়িতে ঢোকে। জামালের বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় বাড়ির লোকজন চেঁচামেচি করতে থাকেন। এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। পরে নামিলা আমড়ি খাল এলাকায় এক ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেয় জনতা। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। ডাকাতেরা বাদল, মকবুল ও জামালদের বাড়ির লোকজনকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় জামালউদ্দিনের পা ভেঙে গেছে।