ডাকাত সন্দেহে গণপিটুনি, চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ও পাশের ঈশান গোপালপুর ইউনিয়নে ডাকাত সন্দেহে গণপিটুনিতে চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মারা যাওয়া সন্দেহভাজন চার ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।
অন্তত পাঁচজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোররাতে চরমাধবদিয়া ইউনিয়নের চৌধুরী ডাঙ্গী ও সজনী রায়ের ডাঙ্গি গ্রামের পাঁচটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অন্তত ১০ জনের একটি ডাকাত দল প্রথমে সজনী রায়ের ডাঙ্গি গ্রামের কবির মোল্লার বাড়িতে ডাকাতি করে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে কবির মোল্লার ছেলে আকবর মোল্লা আহত হন। পরে ডাকাতদল ওই বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে একের পর এক নিজাম শেখ ও তাঁর ভাই রশিদ শেখ এবং প্রতিবেশী মমিন শেখ ও তাঁর ভাই মতিন শেখের বাড়িতে ডাকাতি করে। ডাকাতদের অস্ত্র ও লাঠির আঘাতে মতিন শেখ, তাঁর স্ত্রী দুলি বেগম, রশিদ শেখ ও তাঁর স্ত্রী ফিরোজা বেগম আহত হন। ভোরে ডাকাতির খবর এলাকায় জানাজানি হয়ে গেলে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ওই ‘ডাকাতদলের’ চার সদস্যকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।

চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তুহিনুর রহমান বলেন, এলাকায় ডাকাতির প্রবণতা বেড়ে গেছে। আজ গ্রামবাসী চার ‘ডাকাত’কে পিটুনি দিলে তারা মারা যায়। এদের সবার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ডাকাতির ঘটনা ঘটার পর গ্রামবাসী ধাওয়া করে চার ‘ডাকাত’কে ধরে পিটুনি দিলে তারা মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলিসহ একটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি সিম কার্ড উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হবে।