ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মোমেন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মোমেন মিয়া উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বালিয়াপাড়া এলাকায় ফালু মিয়ার বাড়িতে ডাকাত দল হানা দেয়।
ফালু মিয়া বলেন, ১৪-১৫ জনের একটি দল বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের টিনের বেড়া কেটে ভেতরে ঢোকে। বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪ লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাত দল বেরিয়ে যায়। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং ডাকাত দলকে ধাওয়া দেয়। কল্যান্দী ও রঘুনাথপুর এলাকার মাঝে এক ডাকাতকে এলাকাবাসী ধরে ফেলে। গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় একটি ডাকাতি ও একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে।