ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ‘ডাকাত’ সন্দেহে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের দেওয়া ভাষ্য, গভীর রাতে ওই গ্রামের প্রবাসী মুহাম্মদ রফিক উদ্দিনের ঘরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৮ থেকে ১০ জন ডাকাত। তা টের পেয়ে এলাকাবাসী মোবাইল ফোন ও স্থানীয় মসজিদের মাইকে বিষয়টি প্রচার করে লোকজনকে জানায়। পরে এলাকার শত শত মানুষ ‘ডাকাতদের’ ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃত্যুর আগে সে নিজেকে খাগড়াছড়ি জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছে।
স্থানীয় লোকজন জানান, ওই এলাকায় দীর্ঘদিন থেকে নিয়মিত ডাকাতির ঘটনা ঘটে আসছিল। ডাকাতদের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন সেখানে পালা করে রাত জেগে পাহারার ব্যবস্থা করে।
গ্রামের আমির হামজা (৩২) নামের এক যুবকের তথ্যমতে, গত এক মাসে ওই এলাকায় ধারাবাহিক ডাকাতির ঘটনা ঘটেছে। গত ২৬ ফেব্রুয়ারি রাতে এক ডাকাতকে ধরার পর পিটিয়ে আহত করা হয়। বিষয়টি পুলিশকে অবহিত করার পর পুলিশের টহল জোরদার করা হয়। এর পরও ডাকাতির ঘটনা ঘটায় ডাকাতের কবল থেকে বাঁচতে গ্রামে নিয়মিত রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে জানান, আজ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দলটির অন্য সদস্যের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।