ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩,পরিবারের দাবি মাছ ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদর উপজেলার বদরপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তাদের ডাকাত দলের সদস্য বলেই দাবি করছেন। তবে নিহত তিনজনের কেউই ডাকাত নয় বলে দাবি করেছে তাঁদের পরিবার। পরিবারের দাবি তাঁরা মাছ ব্যবসায়ী।

নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা গ্রামের মো. মোশাররফ শেখ (৪৫), খুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের রেজাউল ইসলাম (৩৫) ও বরগুনার পাথরঘাটা উপজেলার বাচ্চু সরদার (৪০)। নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মোশাররফের মামাতো ভাই ছিলেন রেজাউল আর ভায়রা ভাই ছিলেন বাচ্চু সরদার।

এদিকে আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে এলাকাবাসী সদরের কৃষ্ণ নগর ইউনিয়নের গঙ্গাবর্দী এলাকা থেকে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েননদিয়া বাজার এলাকার আকতার মীর (৪০) ও ফরিদপুরের সালথা উপজেলার ফুকরা গ্রামের আরিফ মোল্লা (৩৫)।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, আটক আকতার একজন দুর্ধর্ষ ডাকাত। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি, বোয়ালমারী, সালথাসহ বিভিন্ন থানায় খুন, ধর্ষণ ও ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে। আরিফের বিরুদ্ধে বিভিন্ন থানায় একই জাতীয় অভিযোগে মোট পাঁচটি মামলা আছে। তবে নিহত তিনজনের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলার কথা বলেননি পুলিশের এই কর্মকর্তা।

আমিনুজ্জামান বলেন, ১৫ সদস্যের একটি ডাকাতদল এ ডাকাতির চেষ্টা চালায়। এর মধ্যে তিনজন গণপিটুনিতে নিহত হয়েছেন, দুজন গ্রেপ্তার হয়েছেন এবং বাকি ১০ জন পালিয়ে যায়। এ ঘটনায় চার থেকে পাঁচ শ অজ্ঞাতনামা গ্রামবাসীকে আসামি করে একটি হত্যা মামলা ও ১৫ জনকে আসামি করে ডাকাতির প্রস্তুতি চেষ্টার অভিযোগে দুটি মামলা হয়েছে। মৃতদেহ তিনটি ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

নিহত মোশাররফের মা সুফিয়া বেগম বলেন, তাঁর ছেলেসহ কেউই ডাকাত নয়। তিনজনে একত্রে মাছের ব্যবসা করেন। বিভিন্ন ঘের থেকে মাছ কিনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। মোশাররফের পালসার নামের একটি মোটরসাইকেল আছে। সেই সাইকেলে চড়ে এরা ব্যবসা তদারকি করে।

মোশাররফের স্ত্রী রাফুজা আক্তার জানান, গত মঙ্গলবার সকালে তাঁরা মাছের টাকা সংগ্রহ করতে ফরিদপুরে যান। ওই দিন তাঁরা ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার সুন্দরবন আবাসিক হোটেলে ওঠেন। বুধবার রাতে মোশররফের ফোনটি বন্ধ পাওয়া যায়। রাত সাড়ে তিনটার দিকে মোশাররফের ফোনটি চালু হলে সেটি এক অজ্ঞাতনামা ব্যক্তি ধরেন। তিনি মোশাররফের খোঁজ নিতে তাঁদের ফরিদপুর কোতোয়ালি থানায় যোগাযোগ করতে বলেন।

এদিকে ফরিদপুর সুন্দরবন আবাসিক হোটেলের ব্যবস্থাপক যতীন প্রথম আলোকে জানান, ২৩ জুন মঙ্গলবার ওই তিন ব্যক্তি সুন্দরবন আবাসিক হোটেলের ৩০৮ নম্বর কক্ষটি ভাড়া করে সেখানে অবস্থান করছিলেন।

এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি কৈজুরী ইউনিয়নের বদরপুর, হারোকান্দি, পিয়ারপুরসহ আশপাশের এলাকায় ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ডাকাতির সঙ্গে ধর্ষণের ঘটনাও ঘটছিল। গত এক সপ্তাহে বদরপুর এলাকায় চারটি ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসী ডাকাতদের প্রতিরোধে সচেতন ছিল। বুধবার রাত সাড়ে নয়টার দিকে তিনজন অচেনা ব্যক্তিকে একটি মোটরসাইকেলে করে ফরিদপুর স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের পেছনে বদরপুর হিন্দু পাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী আটক করে। এ সময় বিভিন্ন মসজিদের মাইক থেকে ‘এলাকায় ডাকাত পড়েছে আপনারা প্রতিরোধে এগিয়ে আসুন’ ঘোষণা দিলে এলাকাবাসী বদরপুর বাজার এলাকায় জড়ো হয়।

প্রত্যক্ষদর্শী চারজন জানান, জিজ্ঞাসাবাদে ওই তিনজনের কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে বাদরপুর বাজার সংলগ্ন একটি স্কুল ক্যাম্পাসে নিয়ে তাঁদের লাঠি দিয়ে প্রচণ্ডভাবে পেটানো হয়। তবে তাদের কাছে দেশীয় বা আগ্নেয়াস্ত্র জাতীয় কোনো অস্ত্র পাওয়া যায়নি। মুমূর্ষু অবস্থায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আরিফ ইসলাম জানান, গণপিটুনিতে আহত তিন ব্যক্তিকে গতকাল রাত ১২টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।