ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আজ সোমবার রাতে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। রাত পৌনে ১১টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডীদ্বার-জয়নগর সড়কের হরিয়াবহ এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হরিয়াবহ এলাকায় রাত পৌনে ১১টার দিকে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল সড়কে যানবাহনে ডাকাতি করছিল। এ সময় ডাকাতের কবলে পড়া লোকজন চিৎকার করতে থাকে। চিৎকার শুনে গ্রামের লোকজন ওই এলাকা ঘিরে ফেলে। অন্য ডাকাতেরা দৌড়ে পালিয়ে গেলেও দুই ডাকাত পালিয়ে যেতে পারেনি। গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ডাকাতদের কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ডাকাতির সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। কেউ তাদের চিনতে পারেনি। ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।