ডাকাত সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা
ফরিদপুরে সন্দেহভাজন চার ডাকাতকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার চর মাধবদিয়া ও পাশের ঈশান গোপালপুর এলাকায় গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন ডাকাতদের হামলায় অন্তত পাঁচজন আহত হন।
তবে গতকাল রাত সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ওই চার ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও মুঠোফোনের একটি সিম কার্ড উদ্ধার করেছে।
স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার ভোরে চরমাধবদিয়ার চৌধুরীডাঙ্গি ও সজনীরায়ের ডাঙ্গি গ্রামের পাঁচটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জনের ডাকাত দল সজনীরায়ের ডাঙ্গি গ্রামের কবির মোল্লার বাড়িতে ডাকাতি করে। এ সময় ডাকাতের অস্ত্রের আঘাতে আহত হন কবির মোল্লার ছেলে আকবর মোল্লা। পরে ডাকাত দল খানিকটা দূরের নিজাম শেখ ও তাঁর ভাই রশিদ শেখ এবং প্রতিবেশী মোমিন শেখ ও তাঁর ভাই মতিন শেখের বাড়িতে ডাকাতি করে। ডাকাতদের অস্ত্র ও লাঠির আঘাতে মতিন শেখ, তাঁর স্ত্রী দুলি বেগম, রশিদ শেখ ও তাঁর স্ত্রী ফিরোজা বেগম আহত হন। তাঁদের ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রশিদ শেখের স্ত্রী ফিরোজা বেগম প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতেরা অতর্কিতে ঘরের ঢুকে রশিদ শেখকে পিটিয়ে আহত করে ও বেঁধে ফেলে। এরপর টাকাপয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এলাকার কয়েকজন বলেন, চিৎকার-চেঁচামেচিতে ডাকাতির খবর জানাজানি হয়ে গেলে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। ডাকাত সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা করা হয়।
গতকাল সকাল সাড়ে আটটায় ঘটনাস্থলে গিয়ে নিহত একজনকে গোয়ালন্দ-তারাইল সড়কের চৌধুরীকান্দা গ্রামের খালপাড়ে, আরেকজনকে ওই গ্রামের একটি মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। বাকি দুজনের লাশ পড়েছিল প্রায় এক কিলোমিটার দূরে ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাট-তালতলা সড়কের আজহার মণ্ডলের ডাঙ্গি গ্রামে।
আজহার মণ্ডলের ডাঙ্গি গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, নিহত হওয়ার আগে সন্দেহভাজন ডাকাতদের একজন তাঁর নাম মো. সোহেল এবং বাড়ি ঢাকা বলে জানান। সোহেল জানিয়েছেন, তাঁদের নেতার নাম খোকন। এ ছাড়া দলে ছিলেন রাজু, নাসির ও জাকির। এঁদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হতে পারেনি ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য চারটি মৃতদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ডাকাতির ঘটনা ঘটার পর গ্রামবাসী ধাওয়া করে চার ডাকাতকে ধরে পিটুনি দিলে তাঁদের মৃত্যু হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।