ডাকাত সন্দেহে চুন দিয়ে পাঁচজনের চোখ নষ্ট
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে গত বৃহস্পতিবার রাতে মাইক্রোবাস থামিয়ে দেশীয় অস্ত্রসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাত সন্দেহে জনতা চুন ঢেলে দেওয়ায় পাঁচজনের চোখ নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সেলিম মিয়া (৩০), রফিক (২০), মহব্বত আলী (২৬), সাগর মিয়া (৩০), আলমগীর (২০), তজমুদ্দিন (২৫), আনোয়ার হোসেন (২২), ছাত্তার মিয়া (২৫), শাহ আলম (৩০), মাইক্রোবাসের চালক জুয়েল আহমদ (২৪), এনাম (১৮) ও সৈয়দ আলী (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একদল ডাকাত উপজেলার জয়চণ্ডী ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের দুটি বাড়িতে ডাকাতির চেষ্টা করছিল। ডাকাতদের অবস্থান জেনে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল পৌর শহরের উত্তর কুলাউড়া রেলক্রসিংয়ে সড়কে বাঁশ ফেলে মাইক্রোবাস আটকায়। এ সময় তল্লাশি চালিয়ে ওই গাড়ির ভেতরে সাতটি রাম দা, একটি ছুরি, একটি গ্রিল কাটার যন্ত্র, একটি বল্লম ও দুই বান্ডিল মোটা দড়ি পাওয়া যায়। এ ঘটনায় গাড়িসহ এর চালক ও যাত্রীদের আটক করা হয়। এ খবর জানাজানি হলে সেখানে লোকজন ভিড় করেন। গাড়ি থেকে নামানোর পর তাঁরা ডাকাতদের পিটুনি শুরু করেন। একপর্যায়ে তাঁরা সেলিম, মহব্বত, রফিক, আনোয়ার ও ছাত্তারের চোখে চুন লাগিয়ে দেন। এ ঘটনায় কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে গতকাল শুক্রবার ডাকাতির চেষ্টা এবং অস্ত্র আইনে ১২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নূরুল হক জানান, গণপিটুনিতে আহত ব্যক্তিদের বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পুলিশ। প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে, পাঁচজন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। তাঁদের চোখে চুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে পুলিশ জানায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে গ্রেপ্তার হওয়া ১২ জনকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।