ডাকাত সন্দেহে চোখ উপড়ে হত্যা
শরীয়তপুরের সদর উপজেলার পূর্ব চরোসোন্দি গ্রামে ডাকাত সন্দেহে চোখ উপড়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে শরীয়তপুর সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত দেলোয়ার হোসেন খান (৪০) পাশের ডামুড্যা উপজেলার দশমনতারা গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) গুলজার আলম প্রথম আলোকে বলেন, ‘সদর উপজেলার পূর্ব চরোসোন্দি গ্রামে ডাকাতি হচ্ছে—এমন খবর পেয়ে রাত দুইটার দিকে সেখানে যাই। এ সময় গ্রামের একটি বাগানে রক্তাক্ত এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। বাগানটি গ্রামবাসী ঘিরে রেখেছিল। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে তাঁর মৃত্যু হয়।’
গুলজার আলম বলেন, ওই ব্যক্তির দুটি চোখ ওপড়ানো ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল। প্রাথমিকভাবে তার যে পরিচয় পাওয়া গেছে, তা সঠিক কি না খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির তদন্ত হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদর থানার পুলিশ ওই লাশের সুরতাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।