ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় গত শুক্রবার রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া ডাকাতদের হামলায় আহত হয়েছেন আট গ্রামবাসী। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তাঁর বিরুদ্ধে থানায় পাঁচটি ডাকাতি ও ডাকাতির চেষ্টার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত তিনজনের একজন হলেন উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মো. আজাদ ওরফে ডেইংগা আজাদ (৩৫)।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ১২-১৪ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের এনায়েত ব্যাপারীর বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস লুট করে। এতে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে এনায়েত ব্যাপারীর ছেলে রাব্বী ও ছেলের বউ তাজ নেহারকে কুপিয়ে আহত করা হয়। তাঁদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে আসে। তাঁরা ডাকাতদের ধাওয়া করে পাশের ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় নিয়ে ঘেরাও করেন। তখন ডাকাতদের হামলায় আরও ছয়জন আহত হন। একপর্যায়ে গ্রামবাসী অস্ত্রসহ আটজনকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তারা ডাকাতদের উদ্ধারের চেষ্টা করলে জনতা পুলিশের ওপরও চড়াও হয়।
একপর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ এবং আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে। এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। আহত ডাকাতদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
আহত গ্রামবাসীর মধ্যে ফজলে রাব্বী (২২), হারুনুর রশিদ (৫০), আবদুর রহিম (৩০), এনায়েত হোসেন (৬৫), আবদুস সাত্তার (৪০) ও তাজ নাহারকে (৩৫) নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলম জানান, নিহত আজাদের বিরুদ্ধে তিনটি থানায় পাঁচটি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। এ ছাড়া আটক পাঁচজনের বিরুদ্ধেও কোনো মামলা আছে কি না তা দেখা হচ্ছে।