ডাকাত সন্দেহে দুই পুলিশকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোর করে বাড়িতে ঢোকার অভিযোগে ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে আর্মড পুলিশের দুই সদস্যকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় লোকজন।

ওই দুজন হলেন ঝালকাঠি শহরের বাঁশপট্টি এলাকার আল হাদি ও সদর উপজেলার চামটা গ্রামের সিরাজুল ইসলাম। তাঁরা বরিশাল আর্মড পুলিশের সদস্য।

জানতে চাইলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশের ওই দুই সদস্যকে বরিশাল আর্মড পুলিশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আটটার দিকে নৈয়ারি গ্রামের মুদিদোকানি আলমগীর হোসেনকে খোঁজার কথা বলেবাড়িতে আসেন তিন ব্যক্তি। আলমগীর বাড়িতে নেই জানানোর পরও তাঁরা ধাক্কা দিয়ে দরজা খুলে ঘরে ঢোকেন। পেছনের দরজা দিয়ে বের হয়ে তাঁর স্ত্রী মুঠোফোনে বিষয়টি আলমগীরকে জানান। আলমগীর এলাকায় খবর দিলে সহস্রাধিক মানুষ বাড়িটি ঘিরে ফেলে। তারা ওই তিন ব্যক্তিকে আটক করে। এ সময় নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দিলে এলাকাবাসী থানায় খবর দেয়। সদর থানার ওসি ঘটনাস্থলে গিয়ে তাঁদের পরিচয় নিশ্চিত করেন।

মুদিদোকানি আলমগীর হোসেন বলেন, ‘ওই তিন ব্যক্তি আমার খোঁজ করার কথা বলে জোর করে বাড়িতে ঢোকেন। আমি তাঁদের চিনতামও না। আমার বাড়িতে আগে দুবার ডাকাতি হয়েছে।’

এলাকার কয়েকজন বলেন, আটক অন্য এক ব্যক্তি পালিয়ে যান। তিনি জালালকাঠি গ্রামের স্বপন খান। তাঁর বিরুদ্ধে বরিশালে মাদক ও দেহব্যবসার অভিযোগ রয়েছে। ঝালকাঠি থানা-পুলিশ আটক পুলিশের ওই দুই সদস্যকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ছেড়ে দিয়েছেন।

নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল কবির বলেন, ‘বরিশাল আর্মড পুলিশের সদস্য হয়ে রাতের বেলা কেন অন্য এলাকায় এসে বাড়িতে অনুপ্রবেশ করেছেন—প্রশ্ন করলে তাঁরা উত্তর দিতে পারেননি। তাঁদের পুলিশে দিয়েছি। যদি তাঁদের ছেড়ে দেওয়া হয়, তবে সে দায় পুলিশের।’

এ বিষয়ে ঘটনার সময় সেখানে উপস্থিত ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, পুলিশের ওই দুই সদস্যকে তাঁর সঙ্গে থাকা স্বপন খান খালার বাড়িতে বেড়ানোর কথা বলে ওই বাড়িতে নিয়ে যান। তাঁরা স্বপনের চক্রান্তের শিকার।

বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আবু নাসের মা. খালেদ বলেন, ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।