ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ডাকাত সন্দেহে মোহাম্মদ আলী খান (২৮) ও নূর ইসলাম (৩৫) নামের দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে জনতা। পিটুনিতে তাঁদের চোখে গুরুতর জখম হয়েছে। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের মুরারীদহ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ডাকাতের একটি দল মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁদের ঘেরাও করেন। এ সময় উত্তেজিত জনতা মোহাম্মদ আলী ও নূর ইসলাম নামের ওই দুজনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চিকিৎসার পর আজ শুক্রবার তাঁদের পুলিশি হেফাজতে ঢাকায় স্থানান্তর করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশিস কুমার সাহা প্রথম আলোকে বলেন, দুজনের চোখেই রক্তাক্ত জখম ছিল। নাক দিয়েও রক্ত ঝরছিল। পরে তাঁদের হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। আজ সকালে তাঁদের ঢাকায় পাঠানো হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে নূর ইসলামের গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে। অন্যদিকে মোহাম্মদ আলীর বাড়ি একই জেলার হারুকান্দি মহল্লা এলাকায়। আটক দুজন ডাকাত। কোতোয়ালি ও সদরপুর থানায় তাঁদের নামে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ বলেন, ওই দুজনের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।