ডাকাত সন্দেহে দুই ব্যক্তির বাড়ি পোড়াল এলাকাবাসী
ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাত সন্দেহে দুই ব্যক্তির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। গতকাল শনিবার সকালে উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর চকপাড়া ও তেলজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১ জুলাই তেলজুড়ি বাজারের মসজিদ থেকে ৩০ হাজার টাকা ও ৭ জুলাই রাতে একই বাজারের মুদি দোকানি আমিন কাজীর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গত শুক্রবার রাতে তেলজুড়ি গ্রামের আহাদের ছেলে মিনালকে (২৫) আটক করে এলাকাবাসী। একপর্যায়ে তাঁর কাছ থেকে ডাকাতির কিছু মালামাল উদ্ধারও করা হয়। এ ছাড়া ডাকাতির ঘটনায় মিনাল তাঁর সহযোগী হিসেবে দুর্গাপুর চকপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে রুবেল (২৫) ও তেলজুড়ি গ্রামের মফজেল মোল্লার ছেলে আনিস মোল্লার (৩০) নাম প্রকাশ করেন। এরপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গতকাল বেলা আটটার দিকে এ দুজনের বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেন।