ডাকাত সন্দেহে দু্ই পুলিশকে মারধর পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে ডাকাত সন্দেহে দুই পুলিশ সদস্যকে স্থানীয় বাসিন্দারা মারধর করে আটকে রাখে। পরে গতকাল শুক্রবার সকালে ওই দুজনকে উদ্ধার করে বন্দর থানা-পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন কলাগাছিয়া এলাকার বাসিন্দা সেলিম মিয়া ও মো. বিপ্লব। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কলাগাছিয়ার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে ডাকাতদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছে। গত বৃহস্পতিবার রাতে সাদাপোশাকে দুই পুলিশ সদস্য হাজরাদী এলাকায় সেলিমকে মাদকসহ আটক করেন। তখন ওই এলাকার আবদুল লতিফ মিয়ার ছেলে মো. বিপ্লব গ্রামে ডাকাত এসেছে বলে মাইকে ঘোষণা দেন। তখন এলাকাবাসী ওই দুই পুলিশ সদস্যকে আটকে রেখে মারধর করে। পরিচয় দেওয়ার পর মারধর বন্ধ করা হয়। কিন্তু দুজনের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আটকে রাখা হয়। ভোরে থানা থেকে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে। এ সময় সেলিম ও বিপ্লবকে আটক করে থানায় নেওয়া হয়।

বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, মদনগঞ্জ ফাঁড়ির এএসআই জাহিদ একজন কনস্টেবল ইমন মিয়াকে নিয়ে আসামি ধরতে গিয়ে হামলা শিকার হয়েছেন।