ডাকাত সন্দেহে পিটিয়ে একজনকে হত্যা, দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে একটি অ্যালুমিনিয়ামের কারখানায় গত মঙ্গলবার রাতে ডাকাত সন্দেহে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ২০-২৫ জনের একটি ডাকাত দল গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে পূবাইল এলাকায় গ্রীন ভিলেজ নামের একটি অ্যালুমিনিয়াম কারখানায় ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় কারখানার নিরাপত্তাকর্মীসহ অন্যরা ডাকাতদের ধাওয়া করে তিনজনকে আটক করে পিটুনি দেন। অন্যরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহত অন্য দুজনকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির লাশও একই হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জয়দেবপুর থানার উপপরিদর্ক মো. মোবারক হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। হতাহতদের কারও পরিচয় পাওয়া যায়নি।