ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুর গ্রামে সোমবার দিবাগত রাতে ডাকাত সন্দেহে সুজন মোল্লা (২৮) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। সুজন উপজেলার ভাটি কানাইপুর গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত একটার দিকে মল্লিকপুর গ্রামের ইউনুছ সরদারের (৪৭) ১০-১২ জন সশস্ত্র ডাকাত লোহার কলাপসিবল গেটের তালা ভাঙে। এরপর তিন-চারজন ডাকাত বাড়ির ভেতরে এবং বাকিরা বাইরে অবস্থান নেয়। একপর্যায়ে ইউনুছ সরদার ডাকাত বলে চিৎকার দিলে ডাকাতেরা ধারালো রাম দা দিয়ে তাঁর মাথায় এবং হাতে কয়েকটি কোপ দেয়। এ সময় তাঁর চিৎকার শুনে বড় ভাই আদম আলী সরদারসহ বাড়ির অন্যরা ডাকাতদের ধাওয়া করেন। ডাকাতেরা আদম আলীকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে গ্রামবাসী একত্র হলে ডাকাতেরা পাঁচ-ছয়টি হাতবোমা ফাটায়। পরে এলাকাবাসী জোটবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও সুজন মোল্লা নামের এক ডাকাত স্থানীয় বিন্নাকান্দি খালের পানিতে পড়ে যায়। এ সময় গ্রামবাসী তাকে পিটিয়ে গুরুতর জখম করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, সুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে সুজন মারা যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।