ডাকাত সন্দেহে পিটুনি, নিহত ১
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ডাকাত সন্দেহে পিটুনিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস, একটি পিকআপসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপর দিকে একই জেলার সখীপুর উপজেলা থেকে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘাটাইল উপজেলার শোলাকুড়া এলাকায় ডাকাত সন্দেহে পিটুনির ঘটনা ঘটে। পিটুনিতে নিহত ব্যক্তির নাম বিপ্লব (৩৫)। তিনি খুলনার বাসিন্দা মহিউদ্দিনের ছেলে। গ্রেপ্তার আহত তিনজন হলেন কালিহাতী উপজেলার বীল দেওলি এলাকার দেলোয়ার হোসেন (২৪), ঢাকার মোহাম্মদপুর বিহারিপল্লির সুমন কুমার (৩৪) এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নাহিদ হোসেন (২০)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে শোলাকুড়া এলাকায় কয়েকজন লোক ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী তাদের ধাওয়া করেন। এ সময় চারজনকে আটক করে পিটুনি দেয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে। এঁদের মধ্যে বিপ্লবকে গুরুতর আহত অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস, একটি পিকআপসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
সখীপুর উপজেলার কচুয়া এলাকা থেকে সন্দেহভাজন দুই ডাকাতকে আটক করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, গতকাল দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে কচুয়া বাজার এলাকা থেকে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকার বদরুদ্দিনের ছেলে মামুন আহমেদ (৩২) এবং একই গ্রামের আবদুল মালেকের ছেলে রুবেল মিয়া (৩০)।