ডাকাত সন্দেহে পিটুনিতে মাদ্রাসাছাত্র নিহত
লক্ষ্মীপুরের রায়পুরে গত শনিবার রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মো. শিপন (২২) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর বড় ভাই আল আমিন। তিনি সেনাবাহিনীতে চাকরি করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামের প্রবাসী শামসুল ইসলামের সন্তান শিপন ও আল আমিন। নিহত শিপন স্থানীয় আল-আরাফা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিলেন। এ নিয়ে গত এক বছরে রায়পুরে গণপিটুনিতে চারজন নিহত হলেন।
দুজন প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রায়পুর-পানপাড়া সড়কের ব্র্যাক অফিস এলাকায় সিনজিচালিত একটি আটোরিকশা আটক করে ডাকাতের দল। এ সময় অটোরিকশার যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে লোকজন ছুটে আসে। তখন ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। তবে অটোরিকশার দুই যাত্রী আল আমিন ও শিপনকে ডাকাত সন্দেহে পিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। পুলিশ এসে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে শিপন মারা যান।
শিপনের মা রৌশন বেগম জানান, তাঁর দুই ছেলে রায়পুর সদর থেকে অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। পথে একদল লোক তাঁদের আক্রমণ করে। তাঁর বড় ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। গত শনিবার তিনি ছুটিতে বাড়িতে আসেন।
এ ঘটনায় শিপনের মা রায়পুর থানায় ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আখন্দ জানান, অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টির তদন্ত চলছে।