ডাকাত সন্দেহে পুলিশের গুলি, একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় গত মঙ্গলবার রাতে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে গুলি করে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম শাজাহান (৩২)। তিনি নোয়াখালী সদর উপজেলার আলমপুর গ্রামের সফি মিয়ার ছেলে। আশুলিয়ার বারইপাড়া এলাকায় থেকে গাড়ি চালাতেন।
শাজাহানের দাবি, সন্দেহের বশে আটকের পর তাঁর দুই পায়ে গুলি করেছে ডিবি পুলিশ।
সাভার মডেল থানা ও ডিবি পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ থেকে রাজবাড়ী যাওয়ার পথে পাম অয়েলবোঝাই ট্রাকটি গত মঙ্গলবার রাত নয়টার দিকে সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছালে ডাকাতেরা একটি খালি ট্রাক দিয়ে গতিরোধ করে। এ সময় ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছালে ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি করলে শাজাহান দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পুলিশ তাঁকে আটক করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে অস্ত্রোপচার করে গতকাল তাঁর দুই-পা থেকে দুটি গুলি বের করা হয়।
পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাজাহান বলেন, তিনি রাজধানী থেকে সাভারের মধ্যে চলাচলকারী সুপার পরিবহন বাসের চালক। সেই সূত্র ধরে আল-আমিন নামের এক লোকের সঙ্গে তাঁর পরিচয় হয়। মঙ্গলবার রাত নয়টার দিকে কাজের কথা বলে আল-আমিন তাঁকে সিঅ্যান্ডবি এলাকায় নিয়ে এসে কিছু সময় অপেক্ষা করতে বলে চলে যান। সেখানেই একটি পণ্যবোঝাই ট্রাক থেমে ছিল। এর কয়েক মিনিট পরে মাইক্রোবাসে করে ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছালে থেমে থাকা ট্রাকের চালক ট্রাক থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ তাঁকে আটক করে মারধরের পর সড়কের ওপর ফেলে দুই পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে।
তবে ডিবির পরিদর্শক শাহীন শাহ পারভেজ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ডাকাতির চেষ্টাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালানোর চেষ্টা করে। এ সময় গুলি করে শাজাহানকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। পাম অয়েলবোঝাই ট্রাকটি সাভার থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোতালেব মিয়া বলেন, ঘটনার পর ডিবির পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।