ডাকাত সন্দেহে ১৩ জন গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, ১২টি ককটেল, এক কেজি গানপাউডার, একটি চাপাতি, একটি ছোরা, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার এই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আবু সাঈদ, মিঠু শিকদার, মো. আমিন, মিজার মোল্লা ওরফে আজাদ, জাহিদুল ইসলাম ওরফে পিন্টু, বশির শিকদার, স্বপন ফকির, আরাফাত আহম্মেদ ওরফে অপু, আবদুল কাদির, রাজু হোসেন ওরফে বাপ্পি, হুমায়ুন কবীর, রাজু আহম্মেদ ও দাউদ হোসেন।
নাজমুল আলম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা ঢাকা ও আশপাশের এলাকায় বিভিন্ন কারখানার টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় গুলি করে ও বোমা ফাটিয়ে ডাকাতি করে থাকে। পাশাপাশি ডিবি পুলিশ পরিচয়েও তারা ডাকাতি কার্যক্রম চালায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রত্যেকের নামে ঢাকা ও আশপাশের এলাকার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে রাজধানীর মোহাম্মদপুর থানায় দুটি মামলা করা হয়েছে। চক্রটির সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।