ডাকাত সর্দার ও এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরা সদর উপজেলায় ডাকাত সর্দার আবু দাউদকে (৫২) অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গত শুক্রবার রাতে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামে গতকাল শনিবার শহিদুল ইসলাম (৪০) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার দিবাগত রাত একটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দাউদের মৃত্যু হয়। দাউদ স্থানীয়ভাবে ডাকাতসর্দার হিসেবে পরিচিত ছিলেন।
নিহত ব্যক্তির ভাগনে ও পার মাছখোলা গ্রামের বাসিন্দা জামালউদ্দিন জানান, দাউদ শুক্রবার রাতে পার মাছখোলা গ্রামের তাঁর একটি চিংড়িঘের থেকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা তাঁকে মাছখোলা সেতুর কাছে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে মৃত ভেবে সন্ত্রাসীরা তাঁকে রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ নাছির উদ্দীন জানান, দাউদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।
কুষ্টিয়া সদর থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আধিপত্য বিস্তার নিয়ে দহকুলার বাগানপাড়া এলাকার বাসিন্দা শহিদুলের সঙ্গে স্থানীয় রেজাউল ইসলামের বিরোধ চলছিল। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় বাজার থেকে শহিদুল বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন লোক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।