ডাকাতদের গুলিতে নারী আহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতদের গুলিতে এক নারী আহত হয়েছেন। কুপিয়ে আহত করা হয়েছে আরও তিনজনকে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আজিমা খাতুন, তাঁর মেয়ে আঁখি আক্তার, পারভীন আক্তার ও ছেলে মো. মোস্তফা। পারভীনের পেটে ও পায়ে গুলি লেগেছে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রামের ইলিয়াছ মিয়ার বাড়িতে ১০-১৫ জন মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় পারভীন আক্তার এক ডাকাতের মুখোশ খুলে ফেলার চেষ্টা করেন। ক্ষিপ্ত হয়ে ডাকাতেরা পারভীনের পেটে ও পায়ে গুলি করে এবং আজিমা খাতুন, আঁখি আক্তার ও মোস্তফাকে কুপিয়ে জখম করে। পরে ডাকাতেরা মালামাল লুট করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা নেওয়া হবে।