ডাকাতদের চাপাতির কোপে নিহত ১
পাবনার চাটমোহর উপজেলায় গত শনিবার রাতে ডাকাতদের চাপাতির কোপে মজিবর রহমান খাঁ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় স্থানীয় লোকজন ডাকাতির অভিযোগে একজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের বাড়িতে হানা দেয়। তাদের হাতে ছুরি, চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। প্রতিবেশীদের মধ্যে মজিবর রহমান অন্ধকারের মধ্যেই শুকুর আলী (৪২) নামের এক ডাকাতকে জাপটে ধরেন। এ সময় তাঁর সহযোগীরা মজিবরের ঘাড়ে চাপাতি দিয়ে কোপ দিয়ে শুকুরকে ছাড়িয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে গ্রামের লোকজন বিভিন্ন দিক থেকে তাঁদের ধাওয়া করে শুকুরকে আটক করে পিটুনি দিতে থাকেন। খবর পেয়ে রাতেই পুলিশ এসে শুকুরকে আটক করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় তাঁর কাছ থেকে একটি শাটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। চাপাতির আঘাতে আহত মজিবরকে রাতেই পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই ডাকাত দলের অন্য সদস্যদের খুঁজতে অভিযান শুরু করা হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম হোসেন বাদী হয়ে গতকাল রোববার একটি মামলা করেছেন। মামলায় শুকুর আলীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।