ডাকাতদের সঙ্গে গোলাগুলি, চার পুলিশসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাঝেরচর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদের ছোড়া ছররা গুলিতে চার পুলিশসহ আহত হয়েছেন পাঁচজন।
পরে পুলিশ ধাওয়া দিয়ে ৯টি দেশি অস্ত্র, ৩০টি গুলিসহ জয়নাল আবেদীন ওরফে জনু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র, ডাকাতি, হত্যাসহ ১৪টি মামলা রয়েছে। তাঁর বাড়ি উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা গ্রামে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, উপজেলার চালিয়াতলি-মাতারবাড়ী সড়কে ডাকাতি করার জন্য গতকাল সন্ধ্যায় মাঝেরচর ঘোনা এলাকায় জড়ো হচ্ছিল ডাকাতেরা। খবর পেয়ে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাওন দাশের নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্য ওই এলাকায় অভিযানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ ধাওয়া করে ৩টি দেশি বন্দুক, ৩টি থ্রি কোয়ার্টার বন্দুক, ৩টি এলজি, ৩০টি গুলিসহ জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে।
ডাকাতদের ছোড়া ছররা গুলিতে আহত হয়েছেন এসআই শাওন দাশ ও ফখরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম, কনস্টেবল মিঠুন ভৌমিক ও আনসার সদস্য বিষু শর্মা।
মহেশখালী থানার ওসি বলেন, আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।