ডাকাতদের হামলায় একজন নিহত
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশন গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। ডাকাতেরা স্বর্ণালংকার ও টাকা লুট করে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ ফ্যাশন গ্রামে বিদ্যুৎ না থাকায় শহিদ গাজী ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ির পুকুরের ঘাটে বসে কথা বলছিলেন। কিছু সময় পর বিদ্যুৎ চলে এলে ঘরে ফিরতেই মুখোশ পরা ২৫-৩০ জনের অস্ত্রধারী একটি দল সবাইকে ঘিরে ধরে। পরে ডাকাতেরা শহীদ গাজী (৫০) ও মহিন গাজীকে (৫৫) অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা লুট করে নেয় এবং তাঁদের পিটিয়ে জখম করে। এ সময় প্রতিবেশী জাকির হোসেন, মো. লিটন ও আলাউদ্দিন ছুটে এলে ডাকাতেরা তাঁদের কুপিয়ে জখম করে। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই জাকির (৩০) মারা যান। পরে সবার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতেরা গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত মহিন গাজী, শহীদ গাজী, লিটন (২৫), আলাউদ্দিন (৩৫) ও রুবেলকে (২২) স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁদের পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, ডাকাতি, না পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে, তা তদন্তে জানা যাবে।