ডাকাতদের হামলায় ছয়জন আহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতি করার সময় তারা ওই ব্যবসায়ীর পরিবারের ছয়জনকে কুপিয়ে আহত করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার ছোট বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, গতকাল ভোরে ডাকাতেরা তাঁর বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁদের আহত করে। হামলায় তিনিসহ তাঁর স্ত্রী খাদিজা বেগম, ছেলে বাবুল ও মোজাম্মেল, নাতি সুমন এবং ভাতিজা মাহবুব আহত হন। গুরুতর আহত হওয়ায় বাবুল, মোজাম্মেল এবং সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।