প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদীতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। গত শুক্রবার উপজেলার লেবুতলা ইউনিয়নের গাঙ্গুলকান্দি ও লেবুতলা গ্রামে ওই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা দুই লক্ষাধিক টাকা ও প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে লেবুতলা গ্রামের বাশির উদ্দিনের বাড়িতে কলাপসিবল গেটের তালা ভাঙে ডাকাতেরা। এরপর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা বাশির ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করে। পরে ১ লাখ ২০ হাজার টাকা, পাঁচটি মুঠোফোন, ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নেয়। একই রাতে গাঙ্গুলকান্দি গ্রামের ব্যাপারীবাড়ির সুরুজ মিয়ার বাড়িতে একই কায়দায় হানা দিয়ে ডাকাতেরা এক লাখ টাকা লুট করে নেয়।