ডাকাতি এড়াতে বেপরোয়া ট্রাক, চাকায় পিষ্ট ২
সবজিবোঝাই একটি পিকআপ থামিয়ে ব্যবসায়ীদের টাকা ও মুঠোফোন লুটে নিচ্ছিল ডাকাতেরা। ঘটনা টের পেয়ে একটি ট্রাক পালাতে গিয়ে পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চার ব্যবসায়ী সড়কে ছিটকে পড়েন। এর মধ্যে দুজন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর অদূরে ভাকুর্তা-কেরানীগঞ্জ সড়কে সাভারের ভাকুর্তায় পুলিশের তল্লাশিচৌকির কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার কেরানীগঞ্জের বটতলী গ্রামের হোসেন আলীর ছেলে ও কলাতিয়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদুর রহমান (২১) এবং একই গ্রামের মহসিন মিয়া (৪৫)। তাঁরা নিজ জমিতে সবজি উৎপাদন করে রাজধানীতে বিক্রি করতেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, ‘ডাকাতের কবল থেকে বাঁচতে একটি ট্রাক সবজিবোঝাই পিকআপকে ধাক্কা দিয়ে পালাচ্ছিল। সে সময় পিকআপের দুই আরোহী ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন বলে জানতে পেরেছি।’
তবে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এটা নিছক দুর্ঘটনা। সেখানে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী বটতলী গ্রামের সবজি ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, মঙ্গলবার রাতে বটতলী থেকে পিকআপে করে সবজি নিয়ে তাঁরা মিরপুরে যাচ্ছিলেন। পিকআপের পেছনে সবজির ওপরে বসেছিলেন একই গ্রামের মাসুদুর রহমান, মহসিন মিয়া, আলাউদ্দিন, আক্তার হোসেন ও দেলোয়ার হোসেন। চালক ও চালকের সহকারীসহ তিনি ছিলেন পিকআপের সামনে। রাত সাড়ে তিনটার দিকে ভাকুর্তা এলাকায় পুলিশের তল্লাশিচৌকির কাছে ডাকাতদের কবলে পড়ে পিকআপটি। ডাকাতেরা সড়কে কংক্রিটের খুঁটি ও দলা দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে পিকআপের গতিরোধ করে। এরপর ১০ থেকে ১২ জন ডাকাত তাঁদের মারধর করে টাকা ও মুঠোফোন লুটে নেয়। একপর্যায়ে ডাকাতেরা পিকআপটিকে তল্লাশিচৌকির পাশে একটি সেতুর মাঝামাঝি রেখে সড়ক বন্ধ করে দেয়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক ডাকাতের কবল থেকে বাঁচতে সজোরে ধাক্কা দিলে পিকআপটি সরে যায়।
প্রত্যক্ষদর্শী আলিম উদ্দিন বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন মারা যান। এরপরও সড়কের ওপর লাশ রেখে ডাকাতেরা আরও কয়েকটি যানবাহনে লুট চালায়। রাত সাড়ে চারটার দিকে ডাকাতেরা চলে যায়। এর পরপরই তাঁরা এলাকার লোকজনকে বিষয়টি জানান। পিকআপের চালক রজ্জব আলী বলেন, ডাকাতেরা চলে গেলে তিনি ব্যবসায়ীদের রেখে সবজিসহ পিকআপ নিয়ে মিরপুর যান।
স্থানীয় মুগরাকান্দা গ্রামের বাসিন্দা ইউসুফ আলী ও ঘটনার শিকার ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর বটতলীসহ আশপাশের গ্রামের কয়েক শ লোক ভোর সাড়ে পাঁচটার দিকে ভাকুর্তা-কেরানীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল আটটার দিকে তাঁরা পাশের ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে।
মহিউদ্দিনসহ বটতলী গ্রামের এমদাদুল হক ও ইউনুস আলী বলেন, তাঁদের গ্রামের অধিকাংশ লোক সবজির আবাদ করেন। প্রতি রাতে ৫০ থেকে ৬০টি ট্রাক ও পিকআপে সবজি নিয়ে রাজধানীতে যান। ভাকুর্তা ফাঁড়ির পুলিশ তল্লাশিচৌকিতে ওই সব যানবাহন থামিয়ে নানা অজুহাতে চাঁদা আদায় করে।
তবে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কামরুল হাসান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ রাত ১২টা পর্যন্ত তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করে টহল দেয়। কিন্তু ঘটনার আগেই পুলিশ টহলে অন্যত্র চলে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। গাফিলতি থাকলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।