ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীতে দুটি পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাতে ও গতকাল সোমবার ভোরে মুগদা ও রামপুরায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ছয়জন ডাকাত ও চারজন ছিনতাইকারী বলে জানিয়েছে ডিবি।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, রোববার রাত ১১টার দিকে মুগদার বাশার টাওয়ারের কাছে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ধারালো অস্ত্র ও গাড়িসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. আকতার, আফতাব হোসেন, মো. হানিফ, মো. হেলাল মাতব্বর, সুমন আলী ও জুয়েল হোসেন। তাঁদের কাছ থেকে দুটি মাইক্রোবাস, একটি চাপাতি, একটি ছোরা ও একটি চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, তাঁরা রাজধানী ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা হয়েছে।
মনিরুল আরও বলেন, এ অভিযানের পর ডিবির আরেকটি দল গতকাল ভোর চারটার দিকে রামপুরা থানার পূর্ব রামপুরা নিরিবিলি গলি থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মো. রিয়াজ, মো. মাসুদ, সাইফুল ইসলাম ও বিল্লাল হোসেন। তাঁদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি ম্যাগাজিন, তিনটি গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা হয়েছে।
মনিরুল বলেন, উদ্ধার হওয়া প্রাইভেট কারটিকে গত ৩০ সেপ্টেম্বর রাত ১২টার দিকে তেজগাঁও থানার ফ্যালকন টাওয়ারের সামনে থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ছিনতাই করেছিলেন। তাঁরা যাত্রীবেশে উঠে এ ঘটনা ঘটিয়েছেন।