ডাকাতি ও মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২৯
রাজধানীতে ডাকাতি ও মাদক বিক্রির অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও থানা-পুলিশ। গত শুক্রবার থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত খিলগাঁও, রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, গুলশান ও মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির অভিযোগে মো. বিল্লাল, বিপ্লব ও পাপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে একটি রামদা, তিনটি ছোরা, দুটি চাপাতি, সাড়ে নয় হাজার টাকা ও ৩০ দিরহাম উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মাইনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত। গত ২০ সেপ্টেম্বর গোড়ানের একটি বাসায় তারা ডাকাতি করেছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
এদিকে শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, গুলশান ও মিরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।