ডাকাতি করতে না পেরে তিন ভাইবোনকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতি করতে না পেরে মহাখালীর আরজতপাড়ায় খ্রিষ্টান পরিবারের তিন ভাইবোনকে কুপিয়ে ও গুলি করে আহত করে ডাকাতেরা। এ ঘটনায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া তিন দুর্বৃত্তকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছে বলে জানিয়েছে তেজগাঁও থানার পুলিশ।
গত বছরের ৯ ডিসেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা দোতলার বারান্দার গ্রিল কেটে ২৬ আরজতপাড়ায় সুইজারল্যান্ড দূতাবাসের কর্মকর্তা বিপাশা ডি ক্রুজদের বাসায় ঢুকে পড়ে। তারা বিপাশা, তাঁর দুই ভাই আলেক্সান্ডার রাজেশ ডি ক্রুজ ও লরেন্স রঞ্জন ডি ক্রুজকে কুপিয়ে ও গুলি করে আহত করে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, গত ১৫ ডিসেম্বর আরজতপাড়া এলাকা থেকে আল-আমিন নামের এক যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর তথ্যের ভিত্তিতে আজিজ ও জালাল নামে আরও দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।
জিজ্ঞাসাবাদে এই তিন দুর্বৃত্ত পুলিশকে জানায়, তারা ডাকাতির উদ্দেশ্যে বিপাশাদের বাসায় ঢুকেছিল। তাদের সঙ্গে বাট্টু মিজানসহ আরও দুজন ছিল। তারাই ওই ঘরের ভেতরে ঢোকে। মিজান গুলি ছোড়ে ও অপরজন ধারালো অস্ত্র দিয়ে কোপায়। আর তারা (আল আমিন, আজিজ ও জালাল) তিনজন বাইরে পাহারা দেয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিন ব্যক্তি আরও জানায়, বিপাশা তাঁর মায়ের সঙ্গে এক কক্ষে ঘুমিয়ে ছিলেন। তাদের দেখে বিপাশা ভয়ে চিৎকার করে উঠলে তারা তাঁর মুখ চেপে ধরে ও মারধর করে। চিৎকার শুনে রাজেশ ও লরেন্স তাঁদের ঘর থেকে বেরিয়ে আসে। তাঁরা তাদের (ডাকাত) আটক করার চেষ্টা করলে কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতি করতে না পেরে তারা তিন ভাইবোনকে কুপিয়ে ও গুলি করে আহত করে।
তেজগাঁও থানার ওসি বলেন, গ্রেপ্তার তিনজন কোপানোর কথা স্বীকার করলেও তারা আদালতে জবানবন্দি দেয়নি। আর আহত তিন ভাইবোন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।
আহত ব্যক্তিদের মা রেখা তেরেসা গতকাল বলেন, পুলিশ তদন্ত করে যা পাবে, সেটা পুলিশের ব্যাপার। নিশ্চিত না হয়ে তিনি ঘটনাটিকে জঙ্গি বা সাম্প্রদায়িক হামলাও বলতে চান না। কেন ওই হামলা চালানো হয়েছিল সে, বিষয়ে তাঁর কোনো ধারণা নেই। তিনি বলেন, আহত রাজেশ ও লরেন্স এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।