ডাকাতি করতে না পেরে নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জনতা ব্যাংকের জিগাতলা শাখায় গতকাল বুধবার রাতে ব্যাংকটির নিরাপত্তাকর্মী আবদুল ওহাবকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতেরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জনতা ব্যাংকের জিগাতলা শাখার ক্যাশ ইনচার্জ মো. মহসিন বলেন, রাত সাড়ে আটটার দিকে সাত-আটজন ডাকাত ব্যাংকের ফটক ভেঙে ঢোকার চেষ্টা করে। এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বাধা দিলে ডাকাতেরা তাঁকে এলোপাতাড়ি পেটায় ও কোপায়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতেরা পালিয়ে যায়।
রাতে যোগাযোগ করা হলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ডাকাতি করতে না পেরে ডাকাতেরা নিরাপত্তাকর্মীকে কুপিয়েছে।