ডাকাতি-ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুগদা ও রামপুরায় গতকাল রাতে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. আকতার, আফতাব হোসেন, মো. হানিফ, হেলাল মাতব্বর, সুমন আলী, জুয়েল হোসেন, রিয়াজ, মো. মাসুদ, সাইফুল ইসলাম ও বিল্লাল হোসেন। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, তিনটি চাপাতি, একটি ছোরা, একটি চাকু এবং ছিনতাই করা দুটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত ১১টার দিকে ডাকাতির প্রস্তুতির সময় ডিবির এক অভিযানে মুগদার বাশার টাওয়ারের কাছে আকতার, আফতাব, হানিফ, হেলাল, সুমন ও জুয়েলকে দুটি মাইক্রোবাস, একটি চাপাতি, একটি ছোরা ও একটি চাকুসহ গ্রেপ্তার করা হয়।
আরেক অভিযানে ভোররাত চারটার দিকে পূর্ব রামপুরার নিরিবিলি গলি থেকে ছিনতাইয়ের অভিযোগে রিয়াজ, মাসুদ, সাইফুল ও বিল্লালকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি ম্যাগাজিন, তিনটি গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।
ডিবির দাবি, গত ৩০ সেপ্টেম্বর তেজগাঁওয়ের ফ্যালকন টাওয়ারের সামনে থেকে প্রাইভেট কারটি ছিনতাই করা হয় ।