ডাকাতি ঠেকাতে রাত জেগে পাহারা
ডাকাতি, ছিনতাই ও চুরি ঠেকাতে পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আট গ্রামের মানুষ এখন পালা করে রাত জেগে গ্রাম ও সড়ক পাহারা দিচ্ছেন। পূজা ও ঈদের আগে থেকে গ্রামবাসী স্বেচ্ছায় এই পাহারা-ব্যবস্থা চালু করেছেন।
গত বুধবার রাত ১১টার পর এই গ্রামগুলো ঘুরে দেখা যায়, লাঠিসোঁটা, টর্চলাইট হাতে মানুষ গ্রামের বিভিন্ন স্থানে পাহারা বসিয়েছেন। অপরিচিত কাউকে দেখলে তাঁর পরিচয় জেনে নিচ্ছেন। পাকশী থেকে সাহাপুর মোড় হয়ে বাঁশেরবাদা সড়ক পর্যন্ত মোটরসাইকেলে চলছে ভ্রাম্যমাণ পাহারা। ছয়টি মোটরসাইকেলে ১৮ জন যুবক লাঠি নিয়ে সড়ক পাহারা দিচ্ছেন।
এ সময় কথা হয় মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী সাদেক আলী বিশ্বাস ও সাহাপুর গ্রামের আকাল সরদারের সঙ্গে। তাঁরা বলেন, প্রথমে সাহাপুর গ্রামের মানুষ পাহারা-ব্যবস্থা চালু করেন। পরে পূজা ও ঈদ সামনে রেখে পুরো এলাকার পরিবেশ সুন্দর রাখতে আশপাশের আট গ্রামের মানুষ একত্র হয়ে একটি সভা করে পাহারার উদ্যোগ নেন। প্রতিটি গ্রামে পাহারার জন্য ৫০ জন করে সদস্য রয়েছে। এঁরা দুই থেকে তিন ভাগে বিভক্ত হয়ে রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গ্রাম পাহারা দেন। পাকশী থেকে বাঁশেরবাদা গ্রাম পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে মোটরসাইকেল পাহারা দেওয়া হয় সমন্বিতভাবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেফাউর রহমান বলেন, পাকশী থেকে বাঁশেরবাদা গ্রাম পর্যন্ত সড়কটি দিয়ে ওই আট গ্রামের মানুষ পাবনা ও ঈশ্বরদী শহরে যাতায়াত করে। এলাকার বেশির ভাগ মানুষের পেশা কৃষি ও ব্যবসা। তাই সড়কটি দিয়ে প্রচুর মানুষ চলাচল করে। কিন্তু সম্প্রতি সড়কটিতে চুরি, ছিনতাই বেড়ে যাওয়ায় লোকজন নিজেদের নিরাপত্তার জন্য পাহারার উদ্যোগ নিয়েছে। এতে এলাকার সাধারণ মানুষ অনেকটা নিশ্চিন্তে চলাচল করতে পারছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, অনেক শিক্ষিত মানুষও স্বেচ্ছায় রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন। এটি চমৎকার উদ্যোগ। তবে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশও তৎপর রয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।