ডাকাতি ঠেকাতে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে ২০ দিনে ১০টি বাড়িতে ডাকাতি হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে আতঙ্ক। ডাকাতি ঠেকাতে রাত জেগে একজোট হয়ে পাহারা দিচ্ছেন স্থানীয় লোকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত বাগানবাড়ি ইউনিয়নের নদীঘেঁষা খান্ডরিয়া, হাপানিয়া, হানারচর, নবীপুর, রায়েরকান্দি গ্রামের ১০ বাড়িতে ডাকাতি হয়েছে। ২৬ জুলাই মধ্যরাতে খান্ডরিয়া গ্রামে সশস্ত্র ডাকাতেরা রুহুল আমিন ব্যাপারী ও নূরুল ইসলাম ব্যাপারীর বাড়িতে ঢোকে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও অন্য জিনিসপত্র নিয়ে যায়। ৫ আগস্ট ওই গ্রামের আবুল কালামের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ২৭ জুলাই রাতে একই গ্রামের রশিদ সরকার ও ইউসুফ সরকারের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা তাঁদের বাড়ি থেকে ১০ হাজার টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে ট্রলারযোগে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ৩ আগস্ট রাতে কয়েকজন ডাকাত হাপানিয়া গ্রামের মো. লিটনের বাড়িতে ঢুকে সবাইকে জিম্মি করে পাঁচ হাজার টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ৯ আগস্ট হানারচর গ্রামের মজিবুর রহমানের ঘরে ঢুকে দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় একদল ডাকাত। লোকজন চিৎকার করলে ডাকাতেরা পালিয়ে যায়। এ ছাড়া নবীপুর ও রায়েরকান্দি গ্রামের কবির হোসেন, রুহুল আমিন ও নূরুল হকের বাড়িতে ডাকাতি হয়েছে। তাঁদের বাড়ি থেকে ডাকাতেরা দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
এলাকাবাসী জানান, যেসব এলাকায় ডাকাতি হয়েছে, সেগুলো নদীর তীরে অবস্থিত। এ কারণে ডাকাতেরা মালামাল লুট করে সহজেই ট্রলারযোগে চলে যেতে পারছে। স্থানীয় লোকজন ডাকাতি ঠেকাতে ১০ আগস্ট থেকে ওই পাঁচটি গ্রামে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছেন।
উপজেলার কালীরবাজার বণিক সমিতি সূত্রে জানা গেছে, ১০ আগস্ট রাতে সশস্ত্র ডাকাতেরা ওই বাজারের ১০-১৫ জন দোকানির কাছে টাকা দাবি করে। দু-একজনের কাছ থেকে টাকা নেওয়ার পর অন্য দোকানিরা চিৎকার করলে তারা নৌকাযোগে পালিয়ে যায়। বণিক সমিতির সভাপতি মো. ইব্রাহিম বলেন, কয়েকজন দোকানিকে ডাকাতেরা টাকার জন্য চিঠিও দিয়েছে। ডাকাতি ঠেকাতে দোকানিরা রাত জেগে পাহারা দিচ্ছেন।
খান্ডরিয়া গ্রামের রুহুল আমিন ব্যাপারী বলেন, ডাকাতেরা তাঁর প্রায় অর্ধ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বিষয়টি লিখিতভাবে তিনি পুলিশকে জানিয়েছেন। বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নান্নু মিয়া বলেন, তাঁর ইউনিয়নের ছয়টি এলাকায় ১০ বাড়িতে ডাকাতি হয়েছে। এটা ঠেকাতে এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ছয়টি এলাকায় ডাকাতির কথা তিনি শুনেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগও পেয়েছেন। ওই সব এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।