কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাতিসহ আট মামলার এক আসামি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ডাকাতদের ছররা গুলিতে আহত হয়েছেন পুলিশের দুই কনস্টেবল। গতকাল রোববার রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি-মাতারবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আসামির নাম কবির আহমদ (৩০)। তাঁর কাছ থেকে একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে কবির আহমদের নেতৃত্বে একদল ডাকাত চালিয়াতলি-মাতারবাড়ী সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এর অংশ হিসেবে গতকাল রাত সাড়ে আটটায় ডাকাতেরা চালিয়াতলি-মাতারবাড়ী সড়কে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে বাঁ হাতে গুলি লেগে আহত হন ডাকাত কবির।
এসআই বলেন, ডাকাতদের ছোড়া গুলিতে আহত দুই কনস্টেবল হলেন মোহাম্মদ পারভেজ (২৪) ও মোহাম্মদ রিদুয়ান (২৩)। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, কবির আহমদের নেতৃত্বে বিভিন্ন সময়ে ওই সড়কে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।