ডাকাতি মামলার আসামি গুলিবিদ্ধ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে শিক্ষক মোবারক হোসেনের বাড়িতে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো ইসমাইল হোসেন গত বৃহস্পতিবার রাতে বন্দুকযুদ্ধে আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। ইসমাইল একাধিক হত্যা মামলার আসামি। 
জয়পুরহাট সহকারী পুলিশ সুপার খালেদ-উজ-জামান বলেন, পুলিশ গত বৃহস্পতিবার ভোরে জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর আনসার ভিডিপি কার্যালয়ের উত্তর পাশ থেকে ইসমাইলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল ও বন্দুক পাঁচবিবির খাসবাট্টা গ্রামে তাঁর এক সহযোগীর বাড়িতে আছে বলে জানান। মালামাল উদ্ধারে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে হেঁটে যাওয়ার সময় খাসবাট্টা গ্রামের অদূরে ইসমাইলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইসমাইলের ডান পায়ে গুলি লাগে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আহত ইসমাইলকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করে।
গতকাল শুক্রবার চিকিৎসাধীন স্বামীকে দেখতে এসে ইসমাইলের স্ত্রী তমা বেগম অভিযোগ করেন, মঙ্গলবাড়ি থেকে বৃহস্পতিবার ভোররাতে জয়পুরহাট পৌর সদরের নতুনহাট এলাকার বাসায় ফেরার পথে তাঁর স্বামীকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর রাতে পুলিশ পায়ে গুলি করে তাঁকে হাসপাতালে ভর্তি করে। পলসন হত্যা মামলায় তাঁর স্বামী জামিনে মুক্ত আছেন বলে তমা বেগম জানান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক সাইদুর রহমান বলেন, আহত ইসমাইল হোসেনকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল বলেন মামুন, পলসন ও জুয়েলসহ তিনটি হত্যা মামলার আসামি ইসমাইল। তাকে মোবারক আলীর বাড়িতে ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়। একই মামলায় আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের মো. শাহী ও পাঁচবিবির রতনপুর গ্রামের শফিকুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকার বাসিন্দা ও শিক্ষক মোবারক হোসেনের বাড়ি থেকে ডাকাতেরা গৃহকর্তার লাইসেন্স করা বন্দুক ও ২৫টি গুলিসহ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। ডাকাতদের হামলায় তিন পুলিশ আহত হয়। এ ঘটনায় মোবারক হোসেন বাদী হয়ে ইসমাইল হোসেনসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে বৃহস্পতিবার ডাকাতি মামলা করেন। তবে এখনো লুণ্ঠিত বন্দুক ও মালামাল উদ্ধার করা যায়নি।