ডাকাতি মামলার আসামির পায়ে পুলিশের গুলি!
রাজবাড়ীর পাংশা উপজেলায় আবদুল হামিদ মণ্ডল নামের এক ব্যক্তিকে গত রোববার বিকেলে ধরে থানায় নিয়ে যাওয়ার পর রাতে পুলিশ তাঁর এক পায়ে গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, হামিদ মণ্ডল ডাকাতি মামলার আসামি। পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি জখম হন। এ ছাড়া পুলিশের ছয় সদস্যও আহত হন।
পাংশা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সায়েম গতকাল সোমবার প্রথম আলোকে জানান, একদল ডাকাত উপজেলার সরিষা ইউনিয়নের কোলানগর মাঠে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা এলোপাতাড়ি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি চলাকালে পুলিশের ছয় সদস্য ও ডাকাত দলের এক সদস্য আহত হন। পরে ঘটনাস্থল একটি একটি শ্যুটার গান উদ্ধার করা হয়। এ ছাড়া গুলিবিদ্ধ হামিদকে (৪০) সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছড়রা গুলিতে আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন হামিদ মণ্ডল বলেন, তাঁর বাড়ি উপজেলার নটাডাঙ্গা গ্রামে। তিনি রোববার বিকেল চারটার দিকে স্থানীয় বাহের মোড়ে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। একপর্যায়ে অপরিচিত এক ব্যক্তি তাঁর সঙ্গে কথা আছে বলে ডেকে নেন। একটু পরে আরেকজন এসে তাঁকে মোটরসাইকেলে তুলে থানায় নিয়ে যান। রাতে তাঁর চোখে কাপড় বেঁধে গাড়িতে করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। একপর্যায়ে মাঠের মধ্যে শুইয়ে ডান পায়ে গুলি করে।
বাহের মোড়ের একাধিক প্রত্যক্ষদর্শী বলেছেন, বিকেলে হামিদকে তাঁরা জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যেতে দেখেছেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াত জানান, হামিদের বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্রের পাঁচটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধ চলাকালে হামিদ জখম হন। তাঁকে বিকেলে পুলিশ আটক করে থানা নিয়ে যায় এবং পরে রাতে গুলি করে। এ অভিযোগের বিষয়ে ওসি বলেন, ‘আমি যা জানি, তাই বলেছি।’