ডাকাতি হওয়া কোরবানির পশুভর্তি ট্রলার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থেকে ডাকাতি হওয়া কোরবানির পশুভর্তি ট্রলার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। ট্রলারে ২৪টি গরু ও ১টি ছাগল ছিল। আজ শনিবার ভোরে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কেওডালা এলাকা থেকে কোরবানির পশুগুলো উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসী জানিয়েছেন, বালু নদে পুলিশ দেখে ডাকাতেরা পশুভর্তি ট্রলারটি ফেলে পালিয়ে যায়।
কোরবানির পশুর মালিকদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানার দুলবাড়ি হুরাইনুন এলাকার আবদুল রাজ্জাকসহ ছয়জন তাঁদের গৃহপালিত ২৪টি গরু ও ১টি ছাগল নিয়ে ট্রলারে করে রাজধানীর গাবতলী হাটের উদ্দেশে রওনা হন। রাত দুইটার দিকে ট্রলারটি ঢাকার আশুলিয়া এলাকার তুরাগ নদে ঢুকলে অপর একটি ট্রলারে করে ১৫ থেকে ১৬ জনের একদল ডাকাত সেটির গতিরোধ করে। পশুর মালিক, ট্রলার চালকসহ ১৬ জনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে ডাকাতেরা। টাকা ও মুঠোফোনসেটও ডাকাতেরা ছিনিয়ে নেয়। পরে তাঁদের হাত-পা বাঁধা অবস্থায় আশুলিয়ার চরে ফেলে রেখে পশুভর্তি ট্রলার নিয়ে চলে যায়।
বালু নদে এলাকাবাসী ভাসমান অবস্থায় লোকজনবিহীন পশুভর্তি ট্রলার দেখে চনপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে। ট্রলারের মধ্যে লেখা একটি মুঠোফোন নম্বরে যোগাযোগ করে পশুর মালিকদের সন্ধান পাওয়া যায়। থানায় এসে মালিকেরা পশুগুলো তাঁদের বলে নিশ্চিত করেন।
২৪টি গরুর মধ্যে রয়েছে আবদুল রাজ্জাকের ছয়টি, মোন্তাব মিয়ার ছয়টি, লতিফ সরকারের একটি, বিপুল মিয়ার তিনটি, আবু বক্করের চারটি ও আবদুর রাজ্জাকের চারটি। আর ছাগলটি আয়নাল হক নামের এক ব্যক্তির।