ডাকাতিকালে পিটুনি, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে গত সোমবার দিবাগত রাতে ডাকাতিকালে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় তিন ডাকাত ও পাঁচ গ্রামবাসী আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে ১২ থেকে ১৩ জন সশস্ত্র ডাকাত বরাফা গ্রামের জাফর সিকদারের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে।
এ সময় বাড়ির লোকজন চিৎকার দিলে জাফর সিকদারের ছেলে হাসিবকে (১৮) মারধর করে ডাকাতেরা। এতে হাসিব আহত হন। পরে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়।
পরে রাত আড়াইটার দিকে ডাকাতেরা পাশের সুকতাইল গ্রামের বাবু শেখের বাড়িতে ডাকাতি শুরু করে। এ সময় বাবু শেখ বাধা দিলে ডাকাতেরা বাবু শেখ (৫০), তাঁর স্ত্রী কোহিনূর বেগম (৪৫) এবং ছেলে এসএসসি পরীক্ষার্থী হায়াত আলীকে (১৫) কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
এ সময় গ্রামবাসী পুরো এলাকা ঘিরে ফেললে ডাকাতেরা একটি ককটেল ছুড়ে মারে। ককটেলের বিস্ফোরণে সুকতাইল গ্রামের বজলু শেখের ছেলে এসএসসি পরীক্ষার্থী গোলাম রসূল (১৬) আহত হয়। ওই দুই এসএসসি পরীক্ষার্থী সুকতাইল উচ্চবিদ্যালয়ের ছাত্র। পরে গ্রামবাসী ডাকাত দলের চার সদস্যকে ধরে ফেলে। এ সময় গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্য ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অপর তিন সদস্য। আহত ডাকাতেরা হলেন উলু মোল্লা (৪০), সাইদ মোল্লা (৪৪) ও মো. শফিকুল শেখ (৩০)।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী বলেন, আহত গ্রামবাসী ও ডাকাত দলের সদস্যদের গোপালগঞ্জের ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাবু শেখ বলেন, ডাকাতেরা তাঁর বাড়ি থেকে ২০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে সুকতাইল গ্রামের বাবু শেখের বাড়ির পেছন থেকে ডাকাতদের ফেলে যাওয়া পিস্তলের পাঁচটি গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।