ডাকাতিতে বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে গুলি
নীলফামারী সৈয়দপুরে একটি কলেজে ডাকাতির চেষ্টার সময় বাধা দেওয়ায় নৈশপ্রহরীকে গুলি করা হয়েছে। গত বুধবার উপজেলা বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
আহত ওই ব্যক্তি হলেন লক্ষ্মণপুর উচ্চবিদ্যালয় ও কলেজের নৈশপ্রহরী জহুরুল ইসলাম (৬৫)। তাঁকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার লক্ষ্মণপুর উচ্চবিদ্যালয় ও কলেজে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল ডাকাত হানা দেয়। একটি মাইক্রোবাসে করে ১০-১২ জনের দলটি কলেজের হিসাব শাখার দরজায় তালা ভাঙার চেষ্টা করে। এতে বাধা দেন নৈশপ্রহরী জহুরুল ইসলাম। ফলে ক্ষিপ্ত ডাকাত দলের এক সদস্য তাঁকে গুলি করে। এতে জহুরুলের বাম হাত আহত হয়। গুলিবিদ্ধ জহুরুলকে উদ্ধার করে প্রথমে ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ডাকাতেরা পালিয়ে যায়। পথে চৌমুহনী মোড়ে এক ব্যক্তির কাছ থেকে একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা।
লক্ষ্মণপুর কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এসএসসি পরীক্ষার ফরম পূরণ চলছে। কলেজের হিসাব শাখায় সেটির টাকা রাখা ছিল। ওই টাকা লুটের উদ্দেশ্যে ডাকাতেরা কলেজে হানা দিয়ে থাকতে পারে। গুলির শব্দে লোকজন এসে পড়ায় টাকাটা আর ডাকাতেরা নিতে পারেনি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, আহত নৈশপ্রহরীর জবানবন্দি নেওয়া হয়েছে। দ্রুত ডাকাতদের ধরা হবে বলে জানান তিনি।