ডাকাতির অভিযোগে অস্ত্রসহ ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন যুবদল নেতা তাজউদ্দিন ও আবদুল কাদের। গত শনিবার রাতে নগরের অক্সিজেন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মুহসীন বলেন, গত ২১ মার্চ বায়েজিদ বোস্তামী থানার কয়লার ঘর এলাকার বিসমিল্লাহ ভবনে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার দুজন জবানবন্দি দেয়। তাঁদের জবানবন্দিতে গ্রেপ্তার হওয়া ওই দুজনের নাম পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে তাজউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর সহযোগীকে একটি এলজিসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার হওয়া তাজউদ্দিন চট্টগ্রাম নগরের ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের সভাপতি।