ডাকাতির অভিযোগে ছয়টি যানবাহনসহ পাঁচজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ, ছিনতাই করা তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারসহ পাঁচজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ডাকাতির অভিযোগে তাঁদের আটক করা হয়।

ডিবি পুলিশ বলেছে, আটক পাঁচজন হলেন শফিকুল ইসলাম, মো. বুলু, মো. ফয়সাল, মাইনউদ্দিন ও আসলাম। গত রোববার থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ডিবি পুলিশ অভিযান চালিয়ে শফিকুল ও বুলুকে নারায়ণগঞ্জের সানারপাড় থেকে এবং ফয়সাল, মাইনউদ্দিন ও আসলামকে রাজধানীর কদমতলী এলাকা থেকে আটক করে। তাঁদের কাছ থেকে ওই ছয়টি যানবাহন ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

গতকাল মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানিয়ে ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, আটক ব্যক্তিরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে পিকআপ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে প্রাইভেট কার ডাকাতি করে আসছিল। গত ২৫ জুন ঢাকার দারুস সালাম এলাকায় একাত্তর টেলিভিশনের একটি মাইক্রোবাসসহ টাকা ও মোবাইল ফোন ডাকাতি করে এই দলটি। একই ডাকাত দল গত কয়েক মাসে শেরেবাংলা নগর, বিমানবন্দর, মতিঝিল ও আদাবর থেকে আরও চারটি মাইক্রোবাস ডাকাতি করে। আদাবরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহরাবকে মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়। সোহরাবের কাছ থেকে তথ্য পেয়ে এই পাঁচজনকে আটক করা হয়।