ডাকাতির অভিযোগে ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীতে ডাকাতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে মাতুয়াইল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন- বেলাল হোসেন, আবদুল জলিল, মো. রাজীব, আল আমিন, মুজিবর ও সুমন। পুলিশের দাবি, সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য।

পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) এস এম তারেক রহমান বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মাতুয়াইলে সাদ্দাম মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন ডাকাত দলের ছয় সদস্য। সেখান থেকে নোয়াখালীগামী ঢাকা এক্সপ্রেস নামের একটি বাসে যাত্রীবেশে উঠে ডাকাতির উদ্দেশ্য ছিল তাঁদের। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ছয়জনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ধারালো কাঁচি, একটি ধারালো চাকু, ১৫ গজ নাইলনের দড়ি, চারটি মুখোশ ও একটি স্কচটেপ উদ্ধার করা হয়।

এসি তারেক রহমানের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃতরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায়ই রাতের বেলায় ডাকাতি করতেন। এঁদের বিরুদ্ধে আজ কদমতলী থানায় মামলা হয়েছে।