ডাকাতির গুজবের পর পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত হানা দিয়েছে! ৪ মে মধ্যরাতে এমন গুজব ছড়িয়ে পড়লে বাঁশ-লাঠি হাতে রাস্তায় নেমেছিলেন নগরবাসীর অনেকে। ওই রাতে ডাকাত আর হানা দেয়নি। তাই বিষয়টি পুরোপুরি গুজব মনে হয়েছিল। সেই গুজবের তিন দিনের মাথায় ধরা পড়েছেন ছয়জন। পুলিশের দাবি Ñএ ছয়জন ‘আন্তজেলা ডাকাত’ দলের সদস্য। গতকাল রোববার দুপুরে গ্রেপ্তার হওয়া ছয়জনকে নিয়ে সিলেট কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন করেছে পুলিশ।
ধরা পড়া ছয়জন হলেন সিলেট মহানগরের মোগলাবাজার থানার মোহাম্মদপুরের লোকমান হোসেন (২২), পিরোজপুরের ভান্ডারিয়া থানার আতরখালী গ্রামের রাজু শেখ (২৩), খুলনার খানজাহান আলী থানার আসলাম শেখ (২৬), একই জেলার খানজাহান আলী থানার শিরোমনি বাদামতলার বাবু হোসেন (২৬), সোনাডাঙ্গা থানার আল আমিন মহল্লার বাসিন্দা মাসুম সর্দার (২৫) ও বাগেরহাট সদরের পাঠুরপাড়া গ্রামের রানা শেখ (২৫)।
সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, এই ছয়জন আন্তজেলা ডাকাত দলের সদস্য। ৪ মে রাতে ডাকাত গুজব ছড়ানোর পর মহানগর পুলিশের একটি বিশেষ দল সিলেট নগর ও বিভিন্ন সূত্রে দেওয়া তথ্যের মাধ্যমে জেলার বাইরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
ছয়জনের বিরুদ্ধে ডাকাতির সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে পুলিশের ভাষ্য, নগরের সুরমা আবাসিক এলাকায় এক চিকিৎসক, যতরপুরে এক আইনজীবীর বাসাসহ কয়েকটি বাসায় ডাকাতি করার ঘটনা ছয়জন স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে বাসাবাড়ির গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করেছে। এঁরা সংঘবদ্ধ। ঢাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন। ডাকাতির আগে বাসাবাড়ি ‘রেকি’ করে ডাকাত দল হানা দেয়। এ কারণে ৪ মে রাতের গুজবে এঁরা জড়িত ছিলেন বলে পুলিশ ধারণা করছে।
৪ মে রাতে নগরের তিনটি থানা এলাকার ২৪টি মহল্লায় ডাকাত হানা দিয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছিল। ওই রাত ১২টার পর নগরের শাহপরান থানাধীন এলাকাগুলোতে হঠাৎ করেই ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি মসজিদে মাইকিং করে ডাকাত হানা দিয়েছে বলে প্রচার শুরু হয়। পাশাপাশি এ অবস্থায় ডাকাত প্রতিরোধে স্থানীয় লোকজনকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) রহমতউল্লাহ বলেন, গুজব হলেও কিছু না-কিছু সত্যি তো ছিল। তাই ওই রাতের গুজবের পর ডাকাতদের ধরতে মহানগর পুলিশের পক্ষ থেকে দুই সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। ওই দল অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।