ডাকাতির ঘটনায় পুলিশ কর্মকর্তার ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে গত ২৪ অক্টোবর ঢাকা-কলকাতাগামী বাস ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কর্মকর্তার ছেলেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। গত বৃহস্পতিবার শহরের মঠমন্দির এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম ইনজামুল হাসান ওরফে রনি (১৮)। তাঁর বাবা টাঙ্গাইলের পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত।
গোয়ালন্দঘাট থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, তিনি ও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিরুন কুমার দাস ডাকাত দলের সদস্য রনিকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারের তিন দিন আগে রনি রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার একটি বইয়ের দোকান থেকে চার হাজার টাকা ও মুঠোফোন তিনটি চুরি করেন।
গ্রেপ্তারের পর গত শুক্রবার রাজবাড়ীর জুডিশিয়াল হাকিম সৈয়দ খায়রুল্লার কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে রনি ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। মিজানুর রহমান ওই স্বীকারোক্তি দেওয়ার বক্তব্য তুলে ধরে বলেন, ২৩ অক্টোবর দুপুরে রনি সুজনের ছোট ভাই ইউছুপকে জরুরি কাজের কথা বলে গোয়ালন্দ মোড় থেকে বাসে করে ঢাকায় নিয়ে যান। ওই দিন রাতে ঢাকার মালিবাগ থেকে কলকাতাগামী সোহাগ পরিবহনের বাসে ডাকাতির উদ্দেশ্যে যাত্রীবেশে উঠে পড়েন। পরদিন ভোররাতে বাসটি গোয়ালন্দের রেলগেট এলাকায় পৌঁছালে রনিসহ আরও ছয় থেকে সাতজন মিলে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব কেড়ে নেন। এ জন্য তাঁকে গ্রেপ্তার হওয়া অপর ডাকাত সদস্য তৈয়ব মিজি ১০ হাজার টাকা দেন। এরপর তিনি চট্টগ্রাম চলে যান। সেখান থেকে ফিরে আসার পর গ্রেপ্তারের তিন দিন আগে বইয়ের দোকান থেকে টাকা ও মুঠোফোন চুরি করেন। এ বিষয়েও থানায় অভিযোগ ছিল।
বাস ডাকাতির ঘটনায় পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সবাই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা পুলিশ ও আদালতে স্বীকার করেছেন।