ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরের বাসাইল এলাকায় ডাকাতির চেষ্টার সময় এলাকাবাসীর সহায়তায় গতকাল বৃহস্পতিবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসা ভাড়া নেওয়ার কথা বলে চার তরুণ বাসাইল এলাকার আহম্মদ মঞ্জিল নামের একটি পাঁচতলা বাসার দ্বিতীয় তলায় যান। সেখানে বাড়ির মালিক নূরজাহান বেগম থাকেন। বাসার ভেতরে ঢুকেই তরুণেরা অস্ত্র দিয়ে ভেতরে থাকা লোকজনকে জিম্মি করে ফেলেন। বাসার কয়েকজন চিৎকার করলে ফাঁকা গুলি ছোড়েন তরুণেরা। এ সময় বাড়ির বাইরে থাকা নিচ তলার ভাড়াটে হিমেল ডাকাত সন্দেহে বাড়ির কলাপসিবল গেট ও প্রধান ফটক তালাবদ্ধ করে দেন। পরে পার্শ্ববর্তী মসজিদের মাইকে ডাকাতির কথা বলে সাহায্য চাওয়া হলে আশপাশের লোকজন বাড়ি ঘেরাও করে ফেলে। এ সময় তরুণেরা আরও কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এর মধ্যে পুলিশ এসে বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে চার তরুণকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েকটি গুলি উদ্ধার করা হয়।
বাড়ির মালিক নূরজাহান বেগম বলেন, ‘ভাড়া নেওয়ার কথা বলে চারজন বাসায় ঢোকেন। দরজা খুলতেই তাঁরা অস্ত্র দেখিয়ে জিম্মি করে ফেলেন।’
রাত সাড়ে নয়টার দিকে পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ধারণা করছি, আটক তরুণেরা ডাকাতি করতেই বাড়িতে ঢুকেছিলেন। তাঁদের দলে ১০-১২ জন ছিল। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। বাকি ডাকাতদের গ্রেপ্তারে শহরে অভিযান চালানো হচ্ছে।