পুলিশ বলছে, ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের কদমপুরে এক পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, এঁদের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া জাকরিয়া হোসেন ওরফে জনি (২৬) ও মো. সুমন ওরফে সিএনজি সুমনও (৩০) রয়েছেন।
পুলিশ জানায়, গত বুধবার গভীর রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর পাঁচজন হলেন আবদুল মজিদ (২৪), সিএনজিচালিত অটোরিকশাচালক রফিকুল (৩৮), সাহিদা বেগম (৩৬), মুক্তা বেগম (৩০) ও রানী বেগম (১৮)। ডাকাতির টাকা ভাগাভাগিসহ অন্যান্য বিরোধের জের ধরে সাজু আহমেদ, তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়েকে হত্যা করা হয়।
বুধবার সকালে কদমপুরের ছয়তলা একটি বাড়ির দোতলা থেকে এই চারজনের হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। নিহত সাজুও ওই দলের সদস্য ছিলেন। ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি বাসায় তাঁরা ডাকাতি করেছিলেন। ডাকাতির টাকা ও মালামাল নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা ও অন্যান্য বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি বলেন, বুধবার গভীর রাতে পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর থেকে মজিদ ও হাসনাবাদ থেকে রফিকুলকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার গভীর রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে জাকারিয়া ও সাহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে মো. সুমন ও রানী বেগম এবং ঢাকার যাত্রাবাড়ী থেকে মুক্তা বেগমকে গ্রেপ্তার করা হয়।
কেরানীগঞ্জে চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭হাবিবুর রহমান বলেন, ওই ডাকাত দলের প্রধান সুমন ঢালী ওরফে ডাকাত সুমন নামের একজন। তাঁর পরিকল্পনা ও নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটে, এতে তিনিসহ পাঁচজন অংশ নেন। ডাকাত সুমন পলাতক। সম্প্রতি তাঁর মোটরসাইকেল চুরি হলে তিনি এ জন্য সাজুকে সন্দেহ করতেন। নবাবগঞ্জ উপজেলার চুরাইন বাজারে সোনার দোকানে ডাকাতির মালামালের ভাগ-বাঁটোয়ারা নিয়েও দলের অন্যদের সঙ্গে সাজুর বিরোধ দেখা দেয়। এ ছাড়া ডাকাত সুমন ও জাকারিয়ার সঙ্গে সাজুর অন্য বিষয় নিয়ে বিরোধ চলছিল। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পরিকল্পনা অনুসারে সাজুর অবস্থান নিশ্চিত হয়ে ২২ সেপ্টেম্বর সন্ধ্যার পর জাকারিয়া, সিএনজি সুমন, নাসির, আফসানা ও ডাকাত সুমন কদমপুরে সাজুর বাসায় যান। সেখানে ইয়াবা সেবনের পর প্রথমে তাঁরা সাজুকে (৩৫) মুখ চেপে ও গলা টিপে হত্যা করেন। পরে একে একে তাঁর স্ত্রী রনজি বেগম (২৭), মেয়ে সানজিদা মনি (৫) ও ছেলে ইমরান হোসেনকে (৭) একইভাবে হত্যা করেন। পরে খাটের নিচে লাশগুলো রেখে জাজিম দিয়ে ঢেকে দিয়ে বাসায় তালা মেরে পালিয়ে যান। খুনিদের পালিয়ে থাকতে সহায়তা করেন গ্রেপ্তার হওয়া তিন নারী।
পুলিশ সুপার বলেন, মজিদ ও রফিক হত্যাকাণ্ডে সহযোগিতা করেন। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া অপর তিনজন ডাকাত সুমন, নাসির ও আফসানাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) কাজী মাকসুদা বেগম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা সাতজনকে আজ শনিবার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। এ ঘটনায় এর আগে আটক বাড়ির তত্ত্বাবধায়ক সোহেল মিয়া, সিএনজি অটোরিকশাচালক আক্কাস আলী ও এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, সাজুকে হত্যার দৃশ্য দেখে ফেলায় তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয়।
লাশ দাফন: গতকাল বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জের ভাজিনি গ্রামে সাজু, তাঁর স্ত্রী ও দুই সন্তানের লাশ দাফন করা হয়। স্থানীয় বাসিন্দা উজ্জ্বল প্রধান জানান, ঈদুল ফিতরের সময় জাকারিয়াকে নিয়ে প্রাইভেট কারে গ্রামে এসেছিলেন সাজু। চার-পাঁচ দিন ছিলেন। জাকারিয়াকে ছোট ভাই বলে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, সাজুর পরিবার গরিব হলেও তাঁরা ভালো মানুষ হিসেবে পরিচিত।